বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে গত ৬ আগস্ট সরকার পিএসসির নতুন সদস্য হিসেবে ড. মো. ফেরদৌস হোসেন, মোহাম্মদ আলী, মো. নজরুল ইসলাম ও ইয়াসমিন গফুরকে নিয়োগ দেয়। রাষ্ট্রপতির ক্ষমতাবলে তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
নতুন এই চার সদস্যের যোগদানের ফলে বর্তমানে পিএসসিতে চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।





