বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য ৮ ক্যাটাগরির পদের এই লিখিত পরীক্ষা স্থগিতের বিষয়টি বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ৮ ক্যাটাগরির পদের মধ্যে রয়েছে ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থগিত হওয়া এই পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে পিএসসির নিজস্ব ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।





