‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ পর্যালোচনা করে সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই শেষে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়। সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ প্রদান করা হয়। এছাড়া বৈঠকে উপস্থিত সদস্যরা বিলের বিভিন্ন দিক, সংশ্লিষ্ট বিধান এবং এর বাস্তবায়নসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ অংশ নেন। এছাড়াও বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





