প্রশাসনে বড় রদবদল: একযোগে ১৭২ উপসচিবের যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর প্রশাসনে বড় ধরনের রদবদল ও পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৭২ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রশাসনে নতুন সরকার গঠনের পর এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রাখা হয়েছে। তবে তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ সংক্রান্ত পৃথক আদেশ পরবর্তীতে জারি করা হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট দপ্তরের তথ্য উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ তথ্য পাওয়া গেলে, সেই অনুযায়ী পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সরকারের সংরক্ষিত থাকবে।

এই পদোন্নতির ফলে প্রশাসনে যুগ্মসচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জনে। এবারের তালিকায় বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি বিভিন্ন ব্যাচের এমন কর্মকর্তারাও স্থান পেয়েছেন, যারা আগে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। বিদ্যমান বিধি অনুযায়ী, যুগ্মসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডার এবং ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের উপসচিবদের বিবেচনায় নেওয়া হয়। এছাড়া নির্ধারিত চাকরির অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হয়ে থাকেন।

শেয়ার করুন