গাড়ির লংমার্চ করে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা সম্ভব হলে বিএনপি সবার আগে তা করত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশের মানুষ ভোগান্তিতে রয়েছে। এ সমস্যা সমাধানে বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তারা তার পরিবর্তে বিশাল গাড়ির লংমার্চ আয়োজন করেছে। তিনি বলেন, অনেকে মনে করেন জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কোনো উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করা হয়েছিল। তিনি আরও বলেন, লংমার্চের মাধ্যমে যদি গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধানই হতো, তবে সরকার সবার আগে এই পদক্ষেপ গ্রহণ করত।
সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সরকারি বা বিরোধীদল—প্রত্যেক সদস্যের দায়িত্ব হলো বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা। ফ্যাসিবাদী শাসনামলের সমস্যাগুলোকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে, সরকার এই সমস্যাগুলো মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জনজীবনের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছে বলে তিনি জানান।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে বিদ্যুৎ সমস্যার সমাধানে অফিসের সময়সূচি পরিবর্তন, স্কুলে ছুটির দিন বাড়ানো এবং ব্যাংকিং কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার অজুহাত তুলে সমস্যার সমাধান এড়িয়ে যেতে চায় না। কুইক রেন্টালের নামে কিছু গোষ্ঠীকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত ও ফতুর করে দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।





