বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ:

প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ বিরাজ করছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সরকার প্রস্তুত রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। এই নতুন কমিটি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

শেয়ার করুন