ডেঙ্গু মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ:

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রী সভায় স্পষ্ট করে বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি সংস্থার ওপর নির্ভর করে বসে থাকা যাবে না। তিনি বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই কার্যক্রমে সাধারণ মানুষকে যুক্ত করতে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের কর্মীদের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

হাসপাতাল ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য উন্নত চিকিৎসাসুবিধা নিশ্চিত করা এবং ভর্তি রোগীদের মশারি সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে আক্রান্ত রোগীর মাধ্যমে মশার কামড়ে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী সভার সিদ্ধান্তগুলোর মাঠপর্যায়ে যথাযথ প্রতিফলন নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, মাঠে এর প্রতিফলন থাকতে হবে। তিনি ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন