পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নিজের বার্তায় তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নাগরিক হিসেবে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। যদি আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তবেই একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই আহ্বান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।





