প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক গত ২৫ আগস্ট জারিকৃত এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রাথমিক শিক্ষা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদানের নতুন হার নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে বৃত্তি পাবেন। মাসিক বৃত্তির পাশাপাশি উভয় শ্রেণির বৃত্তিধারী শিক্ষার্থীদের বার্ষিক এককালীন ২২৫ টাকা করে প্রদান করা হবে।
বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে চলতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বৃত্তিধারী শিক্ষার্থীর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, সদাচরণ এবং পাঠোন্নতির সন্তোষজনক অগ্রগতির ভিত্তিতে এই অর্থ প্রদান করা হবে। এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনাবেতনে পড়াশোনার সুযোগ পাবেন।
বৃত্তির অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে অধিদফতর জানিয়েছে, অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি পদ্ধতিতে পাঠানো হবে। এজন্য শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব থাকতে হবে। বৃত্তির জন্য বরাদ্দকৃত অর্থ প্রতি বছরের ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন হিসেবে উত্তোলন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মেধাবৃত্তি খাত থেকে এই বৃত্তির অর্থায়ন করা হবে। এছাড়া বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের পূর্ণ ক্ষমতা মহাপরিচালকের হাতে সংরক্ষিত থাকবে।





