শেষ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

প্রকাশ:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন সংসদ কক্ষে ভোট গণনার প্রক্রিয়া চলছে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে।

নির্বাচনে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ প্রথম ভোট দেন। এরপরই ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। ভোট প্রদানের পর তারা বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট দেন। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ভোট প্রদান করেন এবং বিরোধী দলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ভোট চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় এক ঘণ্টারও বেশি সময় সংসদ কক্ষে নিজের আসনে বসে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় তার পাশে ছিলেন রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও তাদের পাশে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সে সময় উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

পরবর্তীতে বিকেল ৩টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী সংসদ কক্ষ ত্যাগ করে তার কার্যালয়ে যান। এ সময় তার সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। বর্তমানে সংসদ কক্ষে চলমান ভোট গণনার ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশ।

শেয়ার করুন