দ্রুতই রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন

প্রকাশ:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দ্রুতই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার প্রেক্ষাপটে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। মো. সাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আদলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। এরপর ভোট গ্রহণ করা হবে, তবে একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে। আগামী শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইসির কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী রোববার বা পরবর্তী সময়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন। ইসি তাদের তালিকা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করবে এবং এরপর নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। স্পিকার জানান, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

স্পিকার আরও জানান, গুরুতর অসুস্থতার কারণে শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়ায় মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন