রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব নেবেন স্পিকার

প্রকাশ:

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধানের বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এদিকে, চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে অবস্থানরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরেছেন। গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে তিনি ব্যাংকক গিয়েছিলেন এবং আগামী রোববার তার ফেরার কথা ছিল। দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার কাছেই পদত্যাগপত্র দেবেন। তখন সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বৃহস্পতিবার বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে তিনি বিদায়ের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। মো: সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল মো: সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেই হিসেবে ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদের প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

শেয়ার করুন