বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শনিবার (২২ আগস্ট) অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এক অভিনন্দন বার্তায় মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু তার বার্তায় উল্লেখ করেছেন যে, গত ৩৫ বছরের মধ্যে এই প্রথম কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি এই নির্বাচনকে নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন।
দুই দেশের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘস্থায়ী সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যকার সহযোগিতার গভীরতা ও পরিধি আরও বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে দুই রাষ্ট্রকে আরও কাছাকাছি নিয়ে আসবে।
এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে তার যাত্রা অব্যাহত রাখবে।





