বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

প্রকাশ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর ভারতীয় রাষ্ট্রপতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বার্তা দেওয়া হয়। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন রাষ্ট্রপতির দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল সময়ের সূচনা করবে।

ভারতের রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অনন্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করেই দুই দেশের অংশীদারত্ব গড়ে উঠেছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।

দুই দেশের এই অংশীদারত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন দ্রৌপদী মুর্মু। বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন