বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশ:

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে স্বাগত জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল। শপথ নেওয়ার পরদিন শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।

শেয়ার করুন