প্রীতি জিনতার ডিপফেক ও বিকৃত কনটেন্ট সরানোর নির্দেশ হাইকোর্টের

প্রকাশ:

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার নামে অনলাইনে ছড়িয়ে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ডিপফেক ভিডিও, ভুয়া ছবি এবং বিকৃত কনটেন্ট অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। বিচারপতি মাধব জামদারের বেঞ্চ এই মামলার শুনানি শেষে প্রীতি জিনতার পক্ষে রায় প্রদান করেন। আদালত স্পষ্ট জানিয়েছেন যে, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা মৌলিক অধিকারের পরিপন্থী।

প্রীতি জিনতা সম্প্রতি বোম্বে হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মে তাঁর নামে এআই ব্যবহার করে ডিপফেক ছবি ও বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এসব কনটেন্ট দ্রুত অপসারণের পাশাপাশি ভবিষ্যতে তাঁর অনুমতি ছাড়া এ ধরনের ছবি বা ভিডিও ব্যবহার বন্ধের আবেদন জানান। মামলায় গুগল, মেটাসহ একাধিক সংস্থা, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং নির্দিষ্ট কিছু ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

প্রীতি জিনতার আইনজীবীর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ২৭৫টি ওয়েবসাইটে অভিনেত্রীর নামে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে রয়েছে। আইনজীবীর দাবি, এসব কনটেন্টে অভিনেত্রীর চেহারা ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হয়েছে, যা তাঁর ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। আদালত পর্যবেক্ষণে বলেছেন, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রশিল্পে কাজ করে প্রীতি জিনতা নিজের যে শক্তিশালী পরিচিতি গড়ে তুলেছেন, তা এই অননুমোদিত ব্যবহারের ফলে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। এটি তাঁর ব্যক্তিত্বের অধিকার, প্রচারসংক্রান্ত অধিকার এবং নৈতিক অধিকারের পরিপন্থী।

রায় প্রদানের সময় আদালত অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব। সময়মতো পদক্ষেপ না নিলে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার দায় সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকেই বহন করতে হবে। আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে যে, বিষয়টি ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা আবারও বলিউডে ফিরছেন। আমির খান প্রযোজিত ‘বাটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন হচ্ছে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সানি দেওল, শাবানা আজমি ও আলি ফজলের মতো তারকারা। ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন