প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনো রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমি পজিটিভ। তিনি নানা কাজে ব্যস্ত থাকলেও সফরটির বিষয়ে বাংলাদেশ ইতিবাচক অবস্থানে আছে। ব্রিকস সম্মেলন শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি রয়েছে এবং এই সময়ের মধ্যে অনেক কিছুই হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি, তবে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান সম্ভব। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং ভারত এই সুযোগ কাজে লাগাবে কি না তা তাদের ভেবে দেখার বিষয়।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রমকে সফল বলে অভিহিত করেন শামা ওবায়েদ। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে নিবিড়ভাবে কাজ করছে।

সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এই বিষয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। এছাড়া সিঙ্গাপুরে রপ্তানি বৃদ্ধি এবং ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রকল্পগুলো পরিদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং উপযুক্ত সময়ে তিনি জাপান সফর করবেন।

তিনি বলেন, '৬ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় সফল। ডিপ্লোম্যাসির নানা ধাপ সফল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।'

শেয়ার করুন