বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, যেকোনো রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত নিতে হবে। যোগ্য ও পদোন্নতিপ্রার্থী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাপরায়ণতা ও দূরদর্শিতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





