নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পরপরই তাকে লাল গোলাপ দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার ঠিক পরপরই এই সৌজন্যমূলক ঘটনাটি ঘটে।

নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যখন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, তখন প্রধানমন্ত্রী তার নিজের আসন থেকে উঠে পাশের আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যান। এ সময় তিনি লাল গোলাপ দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুলের শুভেচ্ছা গ্রহণ করে নবনির্বাচিত রাষ্ট্রপতি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সৌজন্য বিনিময়ের পর বিএনপির অন্যান্য নেতারাও একে একে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

শেয়ার করুন