ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল ১০টা ২ মিনিটে ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই ঢামেক ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে যাত্রা শুরু করে। পথে শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নেন। তারা স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে গাড়িবহরের গতি কিছুটা কমে এলে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। এরপর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে গাড়িবহরের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে আসেন।
এই সফরকে ঘিরে ঢামেক ও হাসপাতাল এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ও পরিচ্ছন্নতা ব্যবস্থা। দীর্ঘদিন পর হাসপাতাল ও কলেজ সংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে, যার ফলে ফুটপাত স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে এবং যানজট কমে এসেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।





