পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরও ২৮ জন আহত হয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ এক বিবৃতিতে জানিয়েছেন, ফিতনা আল খারিজির সদস্যরা এই হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, পুলিশের পক্ষ থেকে চালানো পাল্টা অভিযানে ১৫ জন ‘খারিজি’ নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই তীব্র গোলাগুলির ঘটনায় ডিএসপি দিয়ার খানসহ মোট ৯ জন পুলিশ সদস্য প্রাণ হারান।
এদিকে, বুধবার গভীর রাতে পেশোয়ারের মাত্তানি থানার আওতাধীন আদেজাই এলাকার আরেকটি পুলিশ চেকপোস্টেও সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা চেকপোস্ট লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা জবাব দেয়, যার ফলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
হাঙ্গুর পুলিশ চেকপোস্টে হামলার ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।





