মাহিরা ও ফাহাদকে জাতীয় পুরস্কার দিতে নারাজ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার

প্রকাশ:

পাকিস্তানের বিনোদন অঙ্গনের দুই জনপ্রিয় তারকা মাহিরা খান এবং ফাহাদ মুস্তফাকে সম্মানজনক জাতীয় বেসামরিক পুরস্কার ‘সিতারা-ই-ইমতিয়াজ’-এর জন্য মনোনীত করা হয়েছিল। তবে পাকিস্তানের ফেডারেল বা কেন্দ্রীয় সরকার এই মনোনয়ন প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন সিন্ধু প্রদেশের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সৈয়দ জুলফিকার আলী শাহ। করাচিতে আয়োজিত আট দিনব্যাপী ‘ওয়েস-ধারী সিন্ধি থিয়েটার ফেস্টিভাল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

জুলফিকার আলী শাহ জানান, প্রখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ধু সংস্কৃতি বিভাগ থেকে দুই দফায় এই দুই তারকার নাম জাতীয় পুরস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো প্রকার ব্যাখ্যা বা কারণ দর্শানো ছাড়াই কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব বাতিল করে দেয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সিন্ধুর সংস্কৃতিমন্ত্রী প্রশ্ন তোলেন, বিনোদন শিল্পে অসামান্য অবদান রাখা সত্ত্বেও কেন সিন্ধুর এই দুই গুণী তারকাকে জাতীয় পর্যায়ে মূল্যায়ন করা হলো না। তিনি বলেন, সিন্ধুর শিল্পীরা কেবল পাকিস্তানের ভেতরেই নয়, বরং ভারত ও উপসাগরীয় দেশগুলোতেও নিজেদের সুনাম ও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সীমানা পেরিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এই শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য, অথচ কেন্দ্র থেকে তারা কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছেন না।

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্বকারী হিসেবে মাহিরা ও ফাহাদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন জুলফিকার আলী শাহ। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিল্পীদের এবং দেশের সাংস্কৃতিক খাতকে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। সিতারা-ই-ইমতিয়াজের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারের ক্ষেত্রে এমন আচরণ পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনে শিল্পীদের প্রতি কেন্দ্রীয় সমর্থনের ঘাটতিকেই স্পষ্ট করে তোলে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন