পাকিস্তানের বেলুচিস্তানের খারান ও ওয়াশুক জেলায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় মদতপুষ্ট ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ দশমিক ৯ টন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যা আইইডি বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে ব্যবহৃত হতো।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত ৬ ও ৭ সেপ্টেম্বর এই অভিযানগুলো পরিচালিত হয়। খারান জেলায় সন্ত্রাসীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। এই সংঘর্ষে আটজন সন্ত্রাসী নিহত হয়।
পরবর্তী দিন ওয়াশুক জেলায় পরিচালিত অন্য একটি পরিকল্পিত অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে গোলাগুলির ঘটনায় আরও তিনজন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান বর্তমানে চলমান রয়েছে। নিহতরা ভারত সমর্থিত 'ফিতনা আল হিন্দুস্তান' নামক সংগঠনের সদস্য ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৫





