ইরানের রাজধানী তেহরানে সফরের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। বিষয়টি অবগত একটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত এই কথোপকথনে ইরান পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংঘাতের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
সোমবার তেহরানে পৌঁছে আসিম মুনির ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাইয়ের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে রেজাই হরমুজ প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকের (এমওইউ) কথা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের আচরণে পরিবর্তন আনতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফও পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। গালিবফ অভিযোগ করেন, পশ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ ও কারিগরি আলোচনার জন্য গত জুনে যে ১৪ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যুক্তরাষ্ট্র বারবার তার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এর ফলে অঞ্চলে অস্থিরতা বাড়ছে এবং ওয়াশিংটনের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। এসব অভিযোগের জবাবে সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে পাকিস্তান তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।





