সংসদের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউট

প্রকাশ:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছে বিরোধী দল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন প্রণয়ন কার্যাবলি শুরুর প্রাক্কালে সরকারি দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার এই ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় বিরোধীদলীয় নেতা সরকারের বিরুদ্ধে সংসদ একপেশেভাবে পরিচালনার অভিযোগ আনেন। তিনি বলেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা, গ্যাসের তীব্র সঙ্কট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সংসদ অধিবেশন আহ্বানের দাবি থাকলেও তা ডাকা হয়নি।

ড. শফিকুর রহমান আরও বলেন, সংসদ আহ্বান করা হলেও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে এই সংসদে কোনো সমাধান আসেনি। এছাড়া গণভোটের রায়কে উপেক্ষা করে ১৩৩টি অর্ডিনেন্সের মধ্যে ২০টিকে বাদ দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন। সব কিছুতেই সংসদকে একপেশেভাবে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

ওয়াকআউটের সিদ্ধান্ত জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, 'আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে কোনো প্রসেসের অংশ হতে চাই না। এজন্য আমরা এখন আর কোনো আলোচনায় অংশগ্রহণ করব না, এই পর্বে আমরা ওয়াকআউট করছি।'

শেয়ার করুন