জাতীয় সংসদে উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন বিলের তীব্র বিরোধিতা করে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বাতিল করে নতুন করে এই 'দুর্বল' আইন পাশের উদ্যোগ নেওয়ায় তারা এই সিদ্ধান্ত নেন।
রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপনের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় বিল পাশের বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'দুর্বল আইনের পাস করার অংশীদার হবো না। আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।' বিরোধী দলের এই ঘোষণার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের ওয়াকআউট করার জন্য ধন্যবাদ জানান।
আজকের অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিলটি উত্থাপন করেন। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদেরও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের কথা ছিল। এই দুটি বিলই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করে সরকার নতুন করে বিল আকারে সংসদে উত্থাপন করেছে।
বিলে আইনের দ্বৈত প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, 'মানবাধিকার সংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। সাধারণ মানুষ যদি কোনো মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে।' কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান থাকার সমালোচনা করে তিনি বলেন, 'আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না। রাষ্ট্রীয় বাহিনী তারা রাষ্ট্রের কর্মচারী, কিন্তু তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের জন্য সরাসরি তদন্ত করা যাবে, আরেক জায়গায় আটকে পড়ে যাবে—এটা হতে পারে না।'





