ইরানের অবকাঠামোতে পরিকল্পিত হামলা থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ২৩:৫২ (জিএমটি) পর্যন্ত ব্রেন্ট ক্রুড-এর দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে লেনদেন হয়েছে।
এর আগে গত মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশেরও বেশি বেড়েছিল। সেই সময় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করেছিল এবং ইরানি বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছিল।





