নোয়াখালীকে পৃথক বিভাগ করার দাবিতে শাহবাগে অবরোধ

প্রকাশ:

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এই অবরোধের ফলে শাহবাগসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা চকবাজারের চক মসজিদ থেকে একটি মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। আন্দোলনকারীরা এসময় দ্রুত নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তাদের দাবি, দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বৃহত্তর এলাকার মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। এদিকে, সড়ক অবরোধের বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরবর্তীতে এ বিষয়ে কথা বলবেন।

শেয়ার করুন