সরকার নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পূর্বের নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন আইনজীবীকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া আইনজীবীদের তালিকায় সুলতানা আকতার রুবি, মো. জসিম সরকার, খাঁন জিয়াউর রহমান, আখতার হোসেন, মাহবুবা আকতার জুঁই, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ মহসিন কবির, মো. মহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), সালমা সুলতানা এবং মোহাম্মদ ওসমান চৌধুরীসহ মোট ৮৬ জন রয়েছেন।
একই দিনে জারি করা অপর এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে ১৭৯ জন আইনজীবীকে নতুন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই তালিকায় মো. সোলাইমান হোসেন, আকলিমা পারভীন, সাবিকুন নাহার, খোরশেদ আলম (সেলিম), একরামুল কবির, এলিনা চৌধুরী, রাকিব হোসেন, মো. মশিউর রহমান (রিয়াদ), রাফিজা আলম লাকি, মো. এমদাদুল হানিফ, মহিউদ্দিন মো. হানিফ, মো. সিরাজুল আলম, মুসরাত জাহান (শান্ত) এবং মো. আসিফ ইমরান (জিসান)সহ ১৭৯ জন আইনজীবী অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, উভয় নিয়োগই অবিলম্বে কার্যকর হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপনটি সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।





