নেত্রকোনার দুর্গাপুরে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারের পর সেটিকে গহীন বনে অবমুক্ত করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'সেভ দ্য এনিমেলস অব সুসং'-এর সদস্যরা সোমবার রাতে প্রাণীটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেন। এর আগে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ থেকে বানরটি উদ্ধার করা হয়।
মাদ্রাসাতুল ইনসাফের পরিচালক মাহমুদুল হক ফজল জানান, সোমবার মাগরিবের নামাজের পর শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসা চত্বরে প্রাণীটিকে দেখতে পান। এটি বাউন্ডারি নেটে হেঁটে যাওয়ার সময় তাদের নজরে পড়ে। পরে তারা প্রাণীটিকে ধরে খাঁচাবন্দি করে স্বেচ্ছাসেবকদের খবর দেন। খবর পেয়ে সেভ দ্য এনিমেলস অব সুসং-এর স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন যে এটি একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এরপর তারা বানরটি গ্রহণ করে গহীন বনে অবমুক্ত করেন।
সংগঠনটির সদস্য রাতুল খান রুদ্র জানান, খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে উদ্ধার করেন। তিনি বলেন, লজ্জাবতী বানর অত্যন্ত দুর্লভ প্রজাতির প্রাণী, যারা মূলত রাতের বেলা খাবারের সন্ধানে চলাচল করে। সম্ভবত খাদ্যের খোঁজে কোনোভাবে এটি মাদ্রাসা চত্বরে চলে এসেছিল।
তিনি আরও জানান, তাদের সংগঠন পরিবেশ, জলবায়ু ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে। স্থানীয়দের সচেতন করার পাশাপাশি তারা এ পর্যন্ত প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন। এছাড়া অজগর, মেছো বিড়াল ও বনরুইসহ প্রায় ৬৫টি বন্যপ্রাণী তাদের রেসকিউ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, বিরল এই প্রাণীটি উদ্ধারের বিষয়টি স্বেচ্ছাসেবকরা তাদের অবহিত করেন। পরবর্তীতে বন বিভাগের দিকনির্দেশনায় প্রাণীটিকে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।





