ইসরাইলের একমাত্র শক্তিশালী বন্ধু দেশ আমেরিকা—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের এমন দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দাবি সঠিক নয়। আমেরিকার বাইরেও ইসরাইলের অনেক শক্তিশালী বন্ধু রয়েছে এবং তাদের মধ্যে অন্যতম হলো ভারত।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের আরও অনেক বন্ধু আছে। যেমন, ভারত নামের একটি বিশাল দেশ, যাদের জনসংখ্যা ১৪০ কোটি। আমরা সেখান থেকে অভূতপূর্ব সমর্থন পাই।’ তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা থাকলেও তার সব মন্তব্য তিনি মেনে নিতে পারছেন না। তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ যাবৎকালের ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারত থেকে আসা অভূতপূর্ব সমর্থন তাকে অভিভূত করেছে বলেও জানান নেতানিয়াহু। তিনি স্বীকার করেন, কিছু দেশে ইসরাইল-বিরোধিতা বর্তমানে ফ্যাশনে পরিণত হয়েছে, কিন্তু পর্দার আড়ালে সেই সব দেশের নেতারাই ফোন করে তার নীতিকে সমর্থন জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, সম্পর্কগুলো বাইরে থেকে যেমন মনে হয়, আসলে তেমন নয়; ইসরাইলের অনেক বন্ধু রয়েছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইসরাইল ইরানে যৌথ আক্রমণ চালিয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরাইলি আগ্রাসন এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। লেবাননে হামলার জন্য ট্রাম্প অতীতে নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ’ প্রধানমন্ত্রী বলে সমালোচনা করেছিলেন, যার ফলে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটেছিল। তবে গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন নেতানিয়াহু এবং আগামী সপ্তাহে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গেছে।





