এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. জাকির আনাম

প্রকাশ:

এনসিসি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন মো. জাকির আনাম। রোববার ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পদোন্নতির আগে তিনি ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই সময়ে তিনি প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স এবং রেমিট্যান্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সফলতার সঙ্গে সামলেছেন। ২০১৬ সালের অক্টোবরে এনসিসি ব্যাংকে যোগদানের পর তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বনানী শাখার ব্যবস্থাপক এবং পরবর্তীতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। ব্যাংকটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও পরিচালনাগত উৎকর্ষ সাধনে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

মো. জাকির আনামের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে যোগদানের মাধ্যমে। দীর্ঘ ৩১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতায় তিনি বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর আগে তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন করপোরেট শাখায় ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ব্যাংকিং পেশায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার স্বর্ণপদক, চেয়ারম্যানস বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড এবং অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের জন্য তিনি বিভিন্ন সময়ে নানা মহলে প্রশংসিত হয়েছেন।

শেয়ার করুন