বাহাদুর শাহ্ পার্কে নজরুলের চেতনায় মানবিক সমাজ গড়ার আহ্বান

প্রকাশ:

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসন এই আয়োজনের উদ্যোগ নেয়।

সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম কেবল জাতীয় কবি নন, তিনি সাম্য, চেতনা ও মানবতার কবি। পরাধীনতা, শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনী ছিল এক শক্তিশালী হাতিয়ার। মন্ত্রী আরও বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে। তাই তাঁর আদর্শকে শুধু পাঠ্যবই বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনচর্চার অংশ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই আয়োজনের মূল সার্থকতা হলো শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের নজরুলের সাম্য ও মানবতার আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুলসংগীত এবং সাহিত্যভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, জাতীয় কবির জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের মধ্যে সাম্য, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটানোই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

শেয়ার করুন