তুরস্কের আঙ্কারায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটো) শীর্ষ সম্মেলন শেষে ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর বিশাল সামরিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বুধবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করা হয়।
সম্মেলন শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে ন্যাটো নেতৃবৃন্দ জানিয়েছেন, তাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা পারমাণবিক, প্রথাগত এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার একটি সমন্বিত কাঠামোর ওপর প্রতিষ্ঠিত, যা মহাকাশ ও সাইবার সম্পদকেও অন্তর্ভুক্ত করে। জোটের সামরিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়ে তারা সংকল্পবদ্ধ। আধুনিক প্রযুক্তির দ্রুত প্রয়োগ এবং সশস্ত্র বাহিনীকে সক্রিয় ও দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার সক্ষমতায় বিপুল বিনিয়োগ করা হচ্ছে বলেও জানানো হয়।
ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়, ন্যাটো ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন প্রযুক্তি এবং উন্নত গোয়েন্দা সক্ষমতায় বিনিয়োগ করছে। পাশাপাশি একটি ‘ট্রান্স-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড’ তৈরির কাজ এবং শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
এদিকে, একদিকে যখন ন্যাটোর সহায়তার ঘোষণা এলো, অন্যদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। শুক্রবার (৩ জুলাই) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ বিষয়ে অবহিত করা হয়। দীর্ঘ সময় ধরে দোনেৎস্ক অঞ্চলে নিজেদের অগ্রযাত্রার অংশ হিসেবে মস্কো শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি শুনছেন পুতিন এবং কস্তিয়ানতিনিভকা দখলকে তিনি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।





