মোহনগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ

প্রকাশ:

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না রাখার অভিযোগ উঠেছে নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করা আধুনিক কাতারের স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা ছিল। একই সঙ্গে মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিদ্যালয়টিতে জাতীয় পতাকা পূর্ণদণ্ডেই ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর বেলা পৌনে দুইটার দিকে পতাকাটি অর্ধনমিত করা হয়। বিদ্যালয়ের একাধিক শিক্ষক এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তারা জানান, সরকারি নির্দেশনা থাকলেও সকাল থেকে পতাকাটি পূর্ণদণ্ডে উত্তোলন করা হয়েছিল, যা পরে সংশোধন করা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দাবি করেন, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সরকারি নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পর তিনি প্রধান শিক্ষককে ফোন করেন। তখন প্রধান শিক্ষক অসাবধানতাবশত পতাকা অর্ধনমিত না রাখার বিষয়টি স্বীকার করেন। এরপর তাৎক্ষণিক নির্দেশনা দিলে দুপুরে পতাকাটি অর্ধনমিত করা হয়।

শেয়ার করুন