নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্যসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন দাইরাদী এলাকার এমদাদুলের ছেলে ফরহাদ (২৭) এবং মোস্তফার ছেলে মাহিন (২৬)।
আদালতে ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অপর দণ্ডপ্রাপ্ত মাহিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।





