প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে

প্রকাশ:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি জানিয়েছেন যে, জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে দেশের প্রতিটি উপজেলায় রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের ফলেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। সরকারের পক্ষ থেকে শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে।

বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন চলেছে, তার সুফল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই অর্জিত হয়েছে। তিনি শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পটি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামিরের সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয়। ক্যাম্পটি আয়োজনে ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল এবং সাইদুর রহমান সাঈদ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

শেয়ার করুন