নাটোরের নলডাঙ্গায় জমি বিরোধে ভ্যানচালককে পিটিয়ে জখমের অভিযোগ

প্রকাশ:

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে মো: আমির বেপারী (৫০) নামে এক ভ্যানচালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কুমুদ মাটি পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত আমির বেপারী বিলজোয়ানি গ্রামের মরহুম কালাই বেপারীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, সারাদিন ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে কুমুদ মাটি পাকা সড়কে পৌঁছালে মোছা: জাহানারা বেওয়া (৫০) তার ভ্যান থামান। এরপর তিনি মো: ওমর আলীকে (৪৫) মুঠোফোনে ঘটনাস্থলে ডেকে আনেন। খবর পেয়ে ওমর আলীর ছেলে মো: শাউন সিকদার (২০) ও একই এলাকার মো: সবুজ সিকদার (৩০) সেখানে হাজির হন। অভিযোগ করা হয়েছে, এরপর তারা বাঁশের লাঠি দিয়ে আমির বেপারীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরে গুরুতর জখম হয় এবং রক্তপাত ঘটে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা দ্রুত আমির বেপারীকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ভুক্তভোগী চিকিৎসাসেবা শেষে থানায় অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন