মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৪

প্রকাশ:

মিয়ানমারের মধ্যাঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দেশটির মান্দালয় শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে মিয়াউং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সামরিক সরকার বিরোধী সংগঠন সিভিল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি অর্গানাইজেশন অব মিয়াউং টাউনশিপ (সিডিএসওএম)।

সংগঠনটির মুখপাত্র নওয়ে উ জানিয়েছেন, একটি যুদ্ধবিমান সরাসরি গ্রামের বৌদ্ধ মঠের প্রাঙ্গণে বোমা নিক্ষেপ করে। ওই সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী লেন্টকালীন ধর্মীয় আয়োজন চলছিল। স্থানীয় এক বাসিন্দা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, মঠ ও এর আশপাশের এলাকায় ওই সময় শতাধিক মানুষ অবস্থান করছিলেন। যুদ্ধবিমানটি প্রায় ১৫ মিনিটের ব্যবধানে গ্রামটিতে দুটি বোমা ফেলে। সিডিএসওএমের পক্ষ থেকে নিহতের যে সংখ্যা জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দারাও তা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন