দেশের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম এবার নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বাভাসি’র ২০২৫-২৬ সালের আসরে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন এই গুণী অভিনেতা। নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো বিচারকের আসনে বসার সুযোগ পেয়ে আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, আমার ক্যারিয়ারে বিচারক হিসেবে এটিই আমার প্রথম দায়িত্ব। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্বাচন করার জন্য। বিচারকের দায়িত্ব সম্পর্কে তিনি আরও বলেন, ‘বিচারক’ শব্দটি শুনতে সহজ মনে হলেও এর দায়িত্বটি মোটেও সহজ নয়। তবে জীবনে যেকোনো কাজ করার সময় তিনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন বলেও জানান।
নতুনদের প্রতিভা বিকাশে বাভাসি উৎসবকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা। তার মতে, চলচ্চিত্রের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নতুনদের মেধা বিকাশের সুযোগ তৈরি করে দিচ্ছে এই উৎসব। এখান থেকে অনেকেই জয়ের মুকুট অর্জন করে নিজেদের মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, বাভাসি উৎসবে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র জমা পড়ে। ২০২৫-২৬ সালের আসরের প্রথম রাউন্ডের জন্য এবার ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে, যার মধ্যে প্রাথমিক বাছাই পর্বে ৫২টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্তভাবে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে।





