বাগদানের খবর জানালেন হিন্দি ধারাবাহিকের অভিনেতা মহসিন খান

প্রকাশ:

ভারতীয় হিন্দি ধারাবাহিকে কার্তিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা অভিনেতা মহসিন খান শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগদানের খবর জানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন। তার হবু স্ত্রীর নাম তামান্না। বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেতা তার জীবনসঙ্গী খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন ছবিতে এই জুটিকে দুই ধরনের পোশাকে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে মহসিন লিখেছেন, 'এই সুন্দরী, পাগল, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ মেয়েটি—যে সারাক্ষণ হাসছে, খুনসুটি করছে, আশায় বাঁচছে, প্রার্থনায় বাঁচছে এবং নাচে-গানে মাতিয়ে রাখছে—সে যেন আমার জন্যই ছিল। আমার সঙ্গেই ওর নাম লেখা হয়েছিল।'

তামান্নার সঙ্গে সম্পর্কের নানা মুহূর্তের স্মৃতিচারণ করে মহসিন জানান, প্রথম দেখা হওয়া থেকে শুরু করে হাত ধরা এবং তামান্নার গাওয়া প্রথম গানের সুর—সব কিছুই তাকে নিশ্চিত করেছিল যে তিনি তার মনের মানুষ খুঁজে পেয়েছেন। অভিনেতার বিশ্বাস, তাদের এই সম্পর্কের গল্প হয়তো আগে থেকেই তারায়-তারায় লেখা ছিল।

নতুন জীবনের এই যাত্রা প্রসঙ্গে মহসিন আরও লিখেছেন, তাদের একসঙ্গে পথচলা, ভালোবাসা, বন্ধুত্ব এবং অগণিত স্মৃতি তৈরির সফর শুরু হলো। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, তাদের করা সকল প্রতিশ্রুতি এবং একসঙ্গে দেখা সকল স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর বিষয় সম্ভবত একে অপরের মধ্যে নিজের 'বাড়ি' খুঁজে পাওয়া।

এদিকে মহসিনের বাগদানের খবরে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায় ও শ্রদ্ধা আর্যসহ বিনোদন অঙ্গনের অনেক তারকা। তবে বাগদান সম্পন্ন হলেও সামাজিক বিয়ের অনুষ্ঠান কবে হবে, সে বিষয়ে অভিনেতা এখনও কোনো ঘোষণা দেননি।

শেয়ার করুন