রাজধানীর সার্কিট হাউস রোডে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত পতাকাবাহী গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন। জানা গেছে, মন্ত্রীর রেঞ্জ রোভার গাড়িটি (নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫) উল্টোপথে সচিবালয়ের দিকে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। একই সময়ে পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সচিবালয়ের দিকে যাচ্ছিল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন করে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে গাড়িটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে আলাদা মামলা করা হয়েছে।





