বগুড়ায় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

প্রকাশ:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারি সফরে নিজের সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। গাড়িতে তাঁর সহধর্মিণীও সঙ্গে ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামের এক বধির বৃদ্ধা সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। তাঁকে এড়িয়ে যেতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে চলে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। একই ঘটনায় ওই বৃদ্ধা নারী ফিরোজাও কিছুটা আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও এক বৃদ্ধা নারী আহত হয়েছেন।

শেয়ার করুন