নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগমকে (৭০) মারধর ও লুটপাটের পর হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভৈরব রেলওয়ে থানা পুলিশ, রেলওয়ে ডিবি পুলিশ ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন রিফাত, সাকিব আহমেদ, দ্বীন ইসলাম, বিল্লাল হোসেন এবং ইলিয়াস মিয়া। ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই একটি আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
এর আগে গত ৪ জুলাই শনিবার রাত ২টার দিকে মেথিকান্দা রেলস্টেশনে দুষ্কৃতকারীরা ববি বেগমের ওপর হামলা চালায় এবং তার মালামাল লুট করে। হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নির্যাতনের চারদিন পর ৭ জুলাই মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সারাদেশে ব্যাপক ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো অভিযান শুরু করে।





