শিশুদের ক্ষতির অভিযোগে নতুন মামলার মুখে মেটা

প্রকাশ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের মাধ্যমে শিশুদের ক্ষতি করার অভিযোগে নতুন একটি আইনি লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে মেটা। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ, মেটা ইচ্ছাকৃতভাবেই শিশুদের আসক্ত করে তোলার মতো ব্যবস্থা রেখেছে।

ইতিমধ্যেই মেটা দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে এবং প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বোঝা মাথায় রয়েছে। এই নতুন মামলায় মেটার কাছ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জরিমানার দাবি জানানো হয়েছে, যা প্রতিষ্ঠানটির বাজারমূল্যের প্রায় সমান। উল্লেখ্য, গত শুক্রবার মেটার বাজারমূল্য ছিল ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বেশি। অভিযোগকারী অঙ্গরাজ্যগুলো অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম পরিচালনায় কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছে।

চলতি সপ্তাহের বুধবার সান ফ্রান্সিসকোর অকল্যান্ডে অবস্থিত একটি ফেডারেল আদালতে জুরি নির্বাচনের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ আগস্ট থেকে উভয় পক্ষের মধ্যে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ছয় সপ্তাহ ধরে চলা এই আইনি প্রক্রিয়ার রায় অক্টোবরের শুরুতে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

এই মামলার অন্যতম সম্ভাব্য সাক্ষী হিসেবে মেটার সিইও ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে তলব করা হতে পারে। তিনি ছয় মাস আগেই লস অ্যাঞ্জেলেসের একটি পৃথক মামলায় সাক্ষ্য দিয়েছিলেন। যদিও জাকারবার্গ বর্তমানে হাওয়াইয়ে নিজের বাড়িতে বেশি সময় কাটাচ্ছেন, তবে মেটার প্রধান কার্যালয় মেনলো পার্কে অবস্থিত, যা আদালত ভবন থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে।

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৪: ০২আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৪: ১০

শেয়ার করুন