ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঠের লড়াই বছরের পর বছর ধরে কোটি কোটি দর্শককে রোমাঞ্চিত করে আসছে। তবে তাদের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা যে ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না, তা আবারও প্রমাণিত হলো তাদের জীবনসঙ্গিনীদের পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে।
সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ তার নতুন লাউঞ্জওয়্যার ব্র্যান্ড ‘মিমোয়া’র বিভিন্ন উপহারসামগ্রী মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর কাছে পাঠিয়েছেন। এই উপহার পেয়ে আন্তোনেলা দারুণ উচ্ছ্বসিত এবং তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উপহারের ছবি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আন্তোনেলা তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার নতুন এই পথচলার জন্য অনেক শুভকামনা ও সফলতা কামনা করি।’ জর্জিনা তার নতুন এই পোশাকের ব্র্যান্ডটি বাজারে আনার পর ঘনিষ্ঠজনদের পাশাপাশি আন্তোনেলাকেও উপহার পাঠিয়েছিলেন, যা ভক্তদের নজর কেড়েছে।
মাঠের বাইরের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি এমন এক সময়ে সামনে এল, যখন মেসি ও রোনালদো নিজ নিজ দেশের হয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, রোনালদোর পর্তুগাল দল শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামবে।





