সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। মৃতদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছেন। মৃতরা হলেন ১৮ বছর বয়সী বর্ণা রাণী এবং শিশু মো. এহসানুল (৩ বছর ৪ মাস) ও আয়ান (৮ মাস)।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃত এই তিন ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৫ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত এই বিভাগে মোট ৮২৭ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে ৬ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে, বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১৮ জন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এই সময়ের মধ্যে ৯১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।





