দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই নতুন মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯৮৬ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।





