৯ বিয়ে গোপন করে যৌতুকের মামলায় ফেঁসেছেন বক্তা মিসবাহ

প্রকাশ:

চরমোনাইপন্থী ইসলামি বক্তা এবং ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি মিসবাহকে সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইবরাহিম খলিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে এক পুত্রসন্তানের জন্ম হয়। বিয়ের সময় মিসবাহ তার পূর্বের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরবর্তীতে হুমায়রা জানতে পারেন যে, তিনি ছাড়াও মিসবাহ আরও চারটি বিয়ে করেছেন, অর্থাৎ মোট নয়টি বিয়ে করেছেন তিনি। অভিযোগ রয়েছে, এই নয়টি বিয়ের কোনোটিরই কাবিননামা বা বিবাহ নিবন্ধনের কোনো বৈধ দলিল নেই।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল জানান, ফেসবুকে যোগাযোগের পর মিসবাহ হুমায়রা জান্নাতকে যাত্রাবাড়ীতে নিজের বাসায় নিয়ে যান। বিয়ের আগেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইনজীবী আরও দাবি করেন, মিসবাহ তার পঞ্চম স্ত্রী হিসেবে হুমায়রাকে গ্রহণ করলেও এরপরে আরও চারটি বিয়ে করেছেন। এছাড়া তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগও রয়েছে। ধর্মীয় প্রচারের আড়ালে তিনি বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

শেয়ার করুন