দেশের বিদ্যমান রাজনৈতিক ও ক্ষমতার কাঠামোর আমূল পরিবর্তন না হলে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা একসময় স্বৈরাশাসকে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে দলটির জেলা শাখা আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার মধ্যে লঙ্কায় গেলেই যেমন হনুমান হওয়ার সম্ভাবনা থাকে, তেমনি ক্ষমতার শীর্ষে যে-ই বসুক, পাঁচ-দশ বছর পর তিনি হাসিনায় পরিণত হতে চাইবেন। তাই কেবল সরকার পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত পরিবর্তন জরুরি।
সমাবেশে তিনি জুলাই সনদ বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসার সুযোগ পাবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এ সময় তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, অন্যান্য রাজনৈতিক দল এ দাবি থেকে সরে গেলেও বাংলাদেশ খেলাফত মজলিস প্রয়োজনে এককভাবে জনগণের কাছে গিয়ে এই দাবি উত্থাপন করবে। এছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট ঘোষণা দেন।
অনুষ্ঠানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের ও কোরআনের বাংলাদেশ। সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমেদ ওসমানী। এ সময় দলের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসাইন নূরানী বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।





